শান্তির বাজার: সামান্য বৃষ্টি হলেই শান্তির বাজার মহকুমার কুশারঘাট এলাকায় জলমগ্ন হয়ে পড়ছে বাইখোড়া-মুহুরীপুর সড়ক। এর ফলে এই রাস্তায় যাতায়াতকারী যান চালকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। কিছু কিছু জায়গায় রাস্তায় এমনভাবে জল জমেছে যার ফলে অনেক গাড়ি নষ্ট হয়েছে বলে অভিযোগ। যান চালকদের পাশাপাশি রাস্তায় জল জমার কারণে ভোগান্তি পোয়াতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও কুশারঘাট স্কুলের পড়ুয়াদেরও।
একাধিকবার এই সমস্যার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েছেন ভুক্তভোগীরা। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি বলেই অভিযোগ উঠছে। তাই শেষ পর্যন্ত বাধ্য় হয়ে মঙ্গলবার রাস্তা থেকে জল নিষ্কাশনের দাবিতে কুশারঘাটে বাইখোড়া-মুহুরীপুর সড়ক অবরোধ করেন যান চালক ও স্থানীয়রা। অবরোধকারী এক যান চালকের অভিযোগ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকবার বলার পরেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে অবরোধ করতে হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অংশ নিয়ে উচ্ছ্বসিত জনতা, উন্নয়নের নয়া দিশা দেখালেন ডাঃ মানিক সাহা
এদিকে রাস্তা অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় কুশারঘাট এলাকায়। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন। দ্রুত রাস্তা থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দেন। তাঁদের কথায় বিশ্বাস করে তিন ঘণ্টা পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: আগরতলা-শিলচর রুটের ট্রেনের স্টপেজের দাবি, অবরোধে উত্তাল পানিসাগর রেল স্টেশন
এখন দেখার প্রশাসনিক আধিকারিকরা তাঁদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কতদিনে পূরণ হয়? ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। প্রতিশ্রুতি মতো প্রশাসন দ্রুত জল যন্ত্রণার সমাধান না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার পক্ষে সওয়াল করছেন ভুক্তভোগীদের একাংশ। অন্যরা আবার প্রশাসনের উপর বিশ্বাস রাখছে। তাঁদের এই বিশ্বাসের মর্যাদা রাখা হবে কিনা তার উত্তর এখন সময়ের গর্ভে।
আরও পড়ুন: বিশালগড়ে সরকারি পাঁচিল ভেঙে অবৈধ ভাবে জমি ভরাট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
