আগরতলা: মঙ্গলবার আগরতলা পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তারপর বক্তব্য রাখতে গিয়ে অতীতের বাম সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা সময় পুরনিগমের অফিস মানেই ছিল নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুরনিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতগুলির পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি মানুষের কাছে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। নাগরিকদের সঠিক পরিষেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। সেই অনুযায়ীই কাজ হচ্ছে।’
অনুষ্ঠানের শুরুতেই অন্যান্য অতিথিদের সঙ্গে ফিতে কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন ভবনের মাধ্যমে এলাকার বাসিন্দারা আরও উন্নত ও সহজ প্রশাসনিক পরিষেবা পাবেন।
মঙ্গলবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, পুর কমিশনার সাজু বাহেদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীর নিজ ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মের বিস্তারিত তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। নতুন ভবন সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
