সেকেরকোটে বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে ভোগান্তির শিকার! ক্ষোভ বাড়ছে গ্রাহকদের

আদৌও কি হবে সমস্যার সমাধান?

1 Min Read
সেকেরকোট বিদ্য়ুৎ নিগমের অফিসে বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে জনদুর্ভোগ

আগরতলা: সেকেরকোটের দারোগাবাড়ি এলাকায় বিদ্যুৎ নিগমের দপ্তরে বিদ্যুৎ বিল জমা দিতে এসে প্রতিদিন চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে শতাধিক গ্রাহককে। প্রায় এক মাস ধরে অচল রয়েছে সার্ভার। ফলে গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ফিরছেন খালি হাতে। এর ফলে প্রশ্ন উঠছে কবে হবে এই সমস্যার সমাধান।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে অফিসের সার্ভার অচল থাকায় কাউন্টারে বিদ্যুৎ বিল গ্রহণ করা যাচ্ছে না। প্রতিদিন সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে গ্রাহকদের। সোমবারও একই ছবি ধরা পড়েছে অফিস চত্বরে।

প্রতিদিনের একই ঘটনায় বিরক্ত গ্রাহকরা জানান, অফিসের কর্মীরা সার্ভার সমস্যার কথা জানিয়ে তাঁদের হেড অফিসে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন।

কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, সার্ভার ঠিক করার দায়িত্ব কি গ্রাহকদের? এক মাস ধরে সমস্যা চললেও কেন স্থায়ী সমাধান করা হচ্ছে না? ভোগান্তির দায় নেবে কে?

গ্রাহকদের মতোই সমস্যার কারণ জানতে চাইলে সার্ভার ডাউনের কথাই বলছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত বলেও জানালেন ওই অফিসে কর্মরত বিদ্যুৎ নিগমের এক কর্মী।

প্রশ্ন উঠছে, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে সময় ও অর্থের অপচয় কেন সহ্য করবেন সাধারণ মানুষ? বিদ্যুৎ বিল জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় এমন অচলাবস্থা প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ভুক্তভোগীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *