বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ কৈলাসহরের বাবুর বাজারে

অবরোধের জেরে যাত্রী দুর্ভোগ

editorvanguard
2 Min Read
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ কৈলাসহরের বাবুর বাজারে

কৈলাসহর: ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করে রাজ্যের শাসক দল বিজেপি। কিন্তু, তারপরও প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো রাজ্য়ের বিভিন্ন জায়গা থেকেই উঠছে বঞ্চনার অভিযোগ। মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের উন্নয়নের জন্য প্রাণপাত করলেও জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের একাংশের জন্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলেও খবর। যার জেরে নানা জায়গায় বিভিন্ন দাবি পূরণে অবরোধ বা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সপ্তাহের প্রথম দিন সোমবার সেই ছবিই চোখে পড়ল কৈলাসহর মহকুমার বাবুর বাজার এলাকায়।

কৈলাসহর মহকুমার টিলাবাজার থেকে হীরাছড়া পর্যন্ত রাস্তার হাল দীর্ঘদিন ধরে বেহাল। বারবার অনুরোধ করেও কোনও কাজ না হওয়ায় প্রতিবাদ জানিয়ে সোমবার বাবুর বাজার এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, প্রায় ৬ মাস আগে পূর্ত দপ্তর নামমাত্র সংস্কার করলেও অল্প সময়ের মধ্যেই রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়। এরপর বহুবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে সোমবার সকাল দশটা থেকে রাস্তা অবরোধে বসেন এলাকাবাসী।

এই খবর পেয়েই ইরানি থানার ওসি বিরাজ দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পূর্ত দপ্তরের আধিকারিকরা এসে দ্রুত টেন্ডার ডেকে রাস্তা সংস্কারের কাজ শুরুর আশ্বাস দিলে দুপুর নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।

তবে প্রশ্ন উঠছে, ৬ মাস ধরে মানুষের দুর্ভোগ চললেও প্রশাসনের উদ্যোগ এত দেরিতে কেন? নিম্নমানের সংস্কারের দায় নেবে কে? নতুন করে টেন্ডার ডাকার আশ্বাস বাস্তবে কবে কার্যকর হবে? উল্লেখ্য, এই সড়কের উপর নির্ভরশীল নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়ি হাজার মানুষ। অবরোধের জেরে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় নিত্যযাত্রী ও রোগীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *