বিলোনিয়া: রাস্তা নির্মাণের কাজে চরম অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায়। এক বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ। ক্ষোভ উগরে দিচ্ছেন রাস্তা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় গ্রামীণ রাস্তার নির্মাণকাজ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রায় আট কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হওয়ার এক বছর পার হলেও দশ শতাংশ কাজও শেষ হয়নি বলে অভিযোগ। এমনকী পুরনো ইটের সোলিং তুলে রেখে ধীরগতিতে কাজ করায় বর্ষায় রাস্তা কাদায় ভরে গেছে। বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জলের পাইপলাইনও। বহু পরিবার বিশুদ্ধ জল থেকে বঞ্চিত বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, এত বড় প্রকল্পে কাজের অগ্রগতি এত ধীর কেন? দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ চললেও পূর্ত দপ্তরের নজরদারি কোথায় ছিল? সরকারি অর্থে চলা প্রকল্পের জবাবদিহি নিশ্চিত করবে কে? এ সমস্ত প্রশ্নের মুখে বিক্ষোভ ও জনরোষের সম্মুখীন হন ঠিকাদার কর্তৃপক্ষ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিলোনিয়া মহকুমার মহাকুমা শাসক দেবজ্যোতি রায়। তিনি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ শোনেন।
পরে উপস্থিত হন পূর্ত দপ্তরের এক জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিকাদারি সংস্থাকে কড়া সতর্ক করে মহকুমা শাসক জানিয়ে দেন, কয়েক দিনের মধ্যে দ্রুত ও সঠিকভাবে কাজ শুরু না হলে, সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন পুরো বিষয়টির ওপর নজর রাখছে বলেও আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।
এখন দেখার মহকুমা শাসক যে প্রতিশ্রুতি দিয়েছে তা কত দ্রুত পূরণ হয়। সমস্যার আদৌও সমাধান হয় কিনা?
