মেলাঘর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গোমতী নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন, ঘরছাড়া একাধিক পরিবার

বৃষ্টির জেরে বাড়ছে দুর্ভোগ

editorvanguard
1 Min Read
মেলাঘরে গোমতী নদীর ভাঙন

মেলাঘর: লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন নদীতে জল বেড়েছে। প্লাবিত হয়েছে অনেক অঞ্চল। সেই সঙ্গে ভূমি ধসের পাশাপাশি নদীর পাড়গুলোও ভাঙনের কবলে পড়ছে। মেলাঘর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডেও গোমতী নদীর ভয়াবহ ভাঙন নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বৃষ্টির জেরে নদীর স্রোত যত বাড়ছে, ততই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে জমি, বসতভিটা ও মানুষের স্বপ্ন। অনেক পরিবার ইতিমধ্যেই ঘরবাড়ি হারিয়েছেন। আবার বহু বাড়ি এখন ভাঙনের একেবারে কিনারায় দাঁড়িয়ে ধ্বংসের অপেক্ষা করছে।

প্রবল জল স্রোতে যে কোনও মুহূর্তে সেগুলিও নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাই চোখের জল লুকিয়ে নিজেদের ঘর নিজেরাই ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, গত দুই দশকেরও বেশি সময় ধরে বোল্ডার ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও মিলেছে শুধু আশ্বাস। প্রায় ছয় মাস আগে ভাঙন রোধে টেন্ডার হলেও দরপত্র সংক্রান্ত জটিলতায় কাজ শুরুই হয়নি। ফলে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে ক্ষয়ক্ষতি।

এখন প্রশ্ন উঠছে, টেন্ডারের জট কাটবে কবে? ভাঙন রোধের কাজ শুরু হবে ঠিক কবে? সর্বস্ব হারানোর আগে প্রশাসন কি কার্যকর উদ্যোগ নেবে? নদীপাড়ের শত শত পরিবার এখন এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজছে। তাদের একটাই দাবি, আর আশ্বাস নয়, অবিলম্বে ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা করা হোক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *