আগরতলা: ঘোষণা গতকালই হয়ে গেছিল। শুক্রবার আগরতলার কৃষ্ণনগরের রাজ্য অফিসে সদ্য় প্রাক্তন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের থেকে দায়িত্বভার গ্রহণ করলেন নতুন সভাপতি মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়। আর পদে বসেই সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনার বার্তা দিলেন তিনি। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে রাজ্যের সমস্ত মানুষের কাছে দলীয় আদর্শ ও সরকারি সমস্ত সুবিধার কথা পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন। অন্য়দিকে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাও অভিষেক দেবরায়ের নেতৃত্বে দলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করলেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্ব নয়া রাজ্য সভাপতি হিসেবে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই পরিবেশের মধ্যেই শুক্রবার কৃষ্ণনগরে প্রদেশ বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মাতাবাড়ির বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি তথা রাজ্য়সভা সাংসদ রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দলের শীর্ষ নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।
দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় স্পষ্ট বার্তা দেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। দলীয় আদর্শ ও সরকারের উন্নয়নমূলক সুযোগ-সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য। দলের প্রবীণ নেতৃত্বকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং নবীন কর্মীদের উৎসাহ ও স্নেহ দিয়ে সংগঠন পরিচালনা করা হবে।
