আগরতলা: সোমবার আচমকা জিবিপি ও এজিএমসি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব গিত্যে এবং স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
রাজ্যের গুরুত্বপূর্ণ হাসপাতাল দুটিতে পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা সরঞ্জাম ও পরিকাঠামো এবং রোগী পরিষেবা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। হাসপাতালের চিকিৎসক, আধিকারিক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গেও কথা বলেন।
পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের সুবিধার জন্য ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সরাসরি মোবাইল ফোনে পাঠানোর ব্যবস্থা চালু করা হবে। এতে অযথা হয়রানি কমবে এবং সময়ও বাঁচবে। জিবি হাসপাতালের ওপর থেকে রোগীর চাপ কমাতে সিভিল হাসপাতালও চালু করা হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, আইজিএম হাসপাতালের অপস গাইনোকোলজি বিভাগকে আরও আধুনিক ও উন্নত করা হবে। পাশাপাশি জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশি থাকায় সেই বিভাগের সংস্কারের কাজও চলছে। উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অগ্রাধিকার। রোগীদের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার এই আশ্বাসে রাজ্যের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী হবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।
