জমে উঠেছে দ্বিতীয় ডিভিশন লিগের খেলা, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়নকে ৪-২ গোলে হারাল ত্রিবেণী

অ্যাস্ট্রো টার্ফ বসায় বদলেছে মাঠ

2 Min Read
দ্বিতীয় ডিভিশন লিগে ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে চলছে ত্রিবেণীর ম্যাচ

আগরতলা: লাগাতার বৃষ্টিতে ভিজে গেছে চরাচর। চারিদিকে বিপর্যস্ত জনজীবন। বর্ষার এই লাগাতার বাধাকে পেরিয়েই সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ডিভিশনের ম্যাচে দাপুটে জয় পেল ত্রিবেণী। ৪-২ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে পুরো পয়েন্ট নিশ্চিত করল। আর এই ম্যাচের মধ্যে দিয়ে জমে উঠল দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার আসর।

সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বর্ষার মাঝেও জমে উঠল টিএফএ-র দ্বিতীয় ডিভিশন ফুটবল। একসময় বর্ষার মরসুমে বৃষ্টি হলেই এই মাঠে খেলা চালানো ছিল বড় কঠিন। তবে অ্যাস্ট্রো টার্ফ বসার পর সেই ছবি বদলে গেছে। সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যেমন নির্বিঘ্নে ম্যাচ অনুষ্ঠিত হল।

দিনের প্রথম ম্যাচে ত্রিবেণী সংঘ ৪-২ গোলে হারাল ফ্রেন্ডস ইউনিয়নকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ত্রিবেণী। ২১ মিনিটে অচিফাং জমাতিয়ার গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যাবাত ডার্লং। বিরতির পর ৫৯ মিনিটে বিশাল জমাতিয়ার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ফ্রেন্ডস ইউনিয়ন। তবে ত্রিবেণী দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়। ৬৩ মিনিটে লালহোমান গাইজুয়ালার গোলে স্কোর দাঁড়ায় ৩-১। ৬৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন যাবাত ডার্লং।

শেষ দিকে লড়াই চালিয়ে যায় ফ্রেন্ডস ইউনিয়ন। ৭৩ মিনিটে দীপেন জমাতিয়া আরেকটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার সুযোগ আর তৈরি হয়নি। শেষ বাঁশি বাজাতে ৪-২ গোলের জয় নিশ্চিত করে ত্রিবেণী সংঘ। এই জয়ে মূল্যবান তিন পয়েন্ট অর্জন করল ত্রিবেণী। দারুণ ফুটবল উপহার দিয়ে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ত্রিবেণী শুরুতেই নিজেদের অবস্থান শক্ত করে রাখল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *