মোহনপুর: ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার পর থেকেই রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু, প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো রাজ্যের অনেক জায়গাতেই সেই উন্নয়নের ছোঁয়া পৌঁছোয়নি বলেই অভিযোগ। সেই একই ছবি ধরা পড়েছে বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। সেখানে দেড় বছর ধরে ভাঙা রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক মনে নিয়েই প্রতিদিন পথ চলছেন পূর্ব বামুটিয়ার সাধারণ মানুষ। কালভার্ট ভেঙে গর্ত হওয়ায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। তারপরও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তায় রীতিমতো মৃত্যুফাঁদ তৈরি হয়েছে। আগরতলা-বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুর পাড়া যাওয়ার ইটের সলিংয়ের রাস্তা এখন কার্যত বেহাল। প্রায় দেড় বছর ধরে মেরামত না হওয়ায় ভেঙে পড়েছে কালভার্ট। রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় গর্ত। দু-পাশের ইটও ধসে যাচ্ছে। আর এই রাস্তা দিয়েই প্রতিদিন দুর্ঘটনার আতঙ্ক সঙ্গে নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগীদেরও এই পথ ব্যবহার করতে হয়। বর্ষায় দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি চলাচল করাও কঠিন।
এই পরিস্থিতি এলাকাবাসীর দাবি, একাধিকবার রাস্তার মাপজোক হলেও আজ পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। আশ্চর্যের বিষয়, এই রাস্তা দিয়েই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে যাতায়াত হয়। তবুও কেন কাজ হচ্ছে না?
দীর্ঘ দেড় বছরেও রাস্তা মেরামত হল না কেন? মাপজোকের পরও কাজ শুরু হচ্ছে না কেন? বড় দুর্ঘটনার অপেক্ষায় কি রয়েছে প্রশাসন? এই প্রশ্নগুলিই এখন ঘুরছে স্থানীয়দের মুখে মুখে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন পূর্ব বামুটিয়ার মানুষ। এখন দেখার প্রশাসন তাঁদের সমস্যার সমাধানে কতটা তৎপরতা দেখায়।
