উদয়পুর: প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত উদয়পুরের মাতাবাড়ির ত্রিপুরাসুন্দরী মন্দির। ৫১ শক্তিপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রিপুরাসুন্দরী মন্দিরের মাহাত্ম্যের কথা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও ছড়িয়ে পড়েছে। কিন্তু, এই পবিত্র স্থানের মর্যাদা ও পরিবেশ কয়েকজন মাদকাসক্তের কু-কীর্তির কারণে কলুষিত হচ্ছে বলেই অভিযোগ উঠল। এই বিষয়ে স্থানীয়দের পাশাপাশি প্রতিবাদে সরব হয়ে উঠেছেন পবিত্র এই মন্দিরের নিরাপত্তার দায়িত্ব থাকা টিএসআর জওয়ানরাও।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কয়েকজন অসাধু ব্যক্তি স্কুটিতে করে বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী পৌঁছে দিচ্ছে। কোনও কোনও নেশাড়ু আবার সন্ধ্যার পরে মন্দির চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এর ফলে স্থানীয়দের পাশাপাশি মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসআর জওয়ানদেরও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এপ্রসঙ্গে কর্তব্যরত জওয়ানরা অভিযোগ করেন, কিছু মাদকাসক্তের জন্য বিশ্বখ্যাত এই মন্দিরের সম্মান নষ্ট হচ্ছে। সারা বিশ্ব থেকে যখন মানুষ এই মন্দির দর্শন করতে আসছেন তখন কিছু কুলাঙ্গারের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ধরনের ঘটনা রুখতে স্থানীয় মানুষদেরও এগিয়ে আসা উচিত।
মন্দির নগরী উদয়পুরের মাতাবাড়িতে অবস্থিত জগৎ বিখ্যাত ত্রিপুরাসুন্দরী মন্দিরে প্রতিদিনই অসংখ্য ভক্তের সমাগম হয়। বিশেষ দিনগুলো যার সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বর্তমানে বিদেশ থেকেও অনেক ভক্ত এবং পর্যটক পবিত্র এই মন্দির দর্শনে আসেন। ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামোর উদ্বোধনের পর পুণ্যার্থীদের সংখ্য়া বেশ কিছুটা বেড়েছে। যা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনের তরফ থেকেও ঐতিহ্যবাহী ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়নে বিশেষ মনোনিবেশ করা হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকজন মাদকাসক্তের জন্য মন্দিরের পরিবেশ কলুষিত হোক বা ভাবমূর্তিতে দাগ পড়ুক তা কেউই চাইছেন না। তাই প্রশাসন এই ধরনের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নেবে বলেই তাঁরা আশা করছেন।
আরও পড়ুন: বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদ, বাইখোড়া-মুহুরীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শান্তিরবাজারের কুশারঘাটে
