BSF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ, কলমচৌড়া থানায় বিক্ষোভ উত্তেজিত জনতার

বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ কলমচৌড়া থানায়

editorvanguard
2 Min Read
মৃত রুবেল মিঞা

বক্সনগর: বিএসএফের গুলিতে জখম যুবকের মৃত্যুর জেরে তুমুল বিক্ষোভ হল সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার অন্তর্গত কলমচৌড়া থানায়। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে কলমচৌড়া থানার অন্তর্গত মধ্যবক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ঘটনার সূত্রপাত

১৯ মে সন্ধ্যা ৬টার সময় আশাবাড়ি পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে ২৭ বছরের যুবক রুবেল মিঞা গুরুতর জখম হন বলে অভিযোগ। জখম অবস্থায় প্রথমে তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ ওই যুবকের মৃতদেহ বক্সনগরে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তারপর রুবেল মিঞার মৃতদেহ নিয়ে গিয়ে কলমচৌড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন।

আরও পড়ুন: মাদকাসক্তদের বাড়বাড়ন্তে কলুষিত ত্রিপুরাসুন্দরী মন্দিরের পরিবেশ! কঠোর প্রশাসনিক পদক্ষেপের আর্জি স্থানীয়দের

বিক্ষোভকারীদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই বিএসএফের তাণ্ডবের জন্য আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাত হলেই যুবকদের হয়রানি,ক্যারাম খেলতে গেলে গুটি কেড়ে নেওয়া। এমনকী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। মৃত রুবেল মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, তাঁর একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে।

রুবেলের বাবার অভিযোগ, ১৯ মে তাঁর ছেলে বাড়ি থেকে জিমে যাওয়ার কথা বলে বের হয়েছিল এবং নমাজ পড়ার কথাও জানিয়েছিল। এরপরই এই মর্মান্তিক ঘটনার খবর আসে পরিবারের কাছে। মঙ্গলবার বিকেলে কলমচৌড়া থানায় বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক শচীমোহন দেববর্মা। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: গোহত্যা বন্ধ ও গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারকে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *