ধর্মনগর: সম্প্রতি হয়ে যাওযা নিট দুর্নীতি নিয়ে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পাশাপাশি গত কয়েকদিনে যেভাবে পেট্রোপণ্য সহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে তা নিয়েও বিক্ষোভ হচ্ছে দেশজুড়ে।
বৃহস্পতিবার এই দুই ইস্যুর পাশাপাশি ধর্মনগর জেলা হাসপাতালের বেহাল দশার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল সিপিএমের ধর্মনগর মহকুমা কমিটি। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় ধর্মনগর মহকুমা দপ্তরের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে মূলত ৫ দফা দাবিতে সোচ্চার হন বাম নেতা ও কর্মীরা। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর দিকেও আঙুল তোলা হয় মিছিল থেকে।
বিক্ষোভের কারণ
সিপিএমের অভিযোগ, হাসপাতাল চত্বর বর্তমানে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের বকেয়া ও ন্যূনতম ন্যায্য মজুরি দেওয়ার দাবি জানানো হয়েছে সিপিএম নেতৃত্বের তরফে। শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রমকোড অবিলম্বে বাতিলের দাবিও তোলা হয়েছে এই মিছিল থেকে।
আরও পড়ুন: দোষীদের কঠোর শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ধর্মনগরের মৃত কাউন্সিলরের মা
কেন্দ্রের এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে সিপিএম নেতা অমিতাভ দত্ত জানান, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ ও শ্রমিকদের স্বার্থ রক্ষার্থেই তাঁদের এই আন্দোলন। আগামী দিনে সরকার জনবিরোধী নীতির পরিবর্তন না করলে যার তীব্রতা আরও বাড়বে। ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্য়ের এনডিএ সরকারের বিভিন্ন নীতিরও তুমুল সমালোচনা করে বাম নেতৃত্ব।
আরও পড়ুন: আগরতলা-শিলচর রুটের ট্রেনের স্টপেজের দাবি, অবরোধে উত্তাল পানিসাগর রেল স্টেশন
