দোষীদের কঠোর শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ধর্মনগরের মৃত কাউন্সিলরের মা

2 Min Read

দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দ্বারস্থ হলেন ধর্মনগরের কাউন্সিলর ও বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতির মা। সব কথা শুনে মৃত রাহুল কিশোর রায়ের মাকে সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা।

বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরেই রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল ধর্মনগর পুর পরিষদের ৫ ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, স্থানীয় কয়েকজন যুবক ওই যুব নেতাকে শারীরিক ও মানসিক ভাবে চরম হেনস্থা করার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। এই বিষয়ে ধর্মনগর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করেছিলেন মৃতের স্ত্রী। কিন্তু, তারপর থেকে এতদিন কেটে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে দেখা করেন মৃত যুব নেতা মা ও পরিবারের সদস্যরা। সব কথা শোনার পর দোষীদের কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে মৃত রাহুল কিশোর রায়ের মা অভিযোগ করেন, বারবার প্রশাসন ও তদন্তকারী আধিকারিকের কাছে গিয়ে কোনও লাভ হয়নি। মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপই নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁদের সব কথা শুনেছেন বলেই জানিয়েছেন রাহুলের মা। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় বিচারের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছেন। এমনকী রাহুলের পরিবারের সদস্যদের সামনেই পুলিশ সুপারকে ফোন করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি পেলেও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের লড়াই থামবে না বলেই জানাচ্ছে মৃত যুব নেতার পরিবার। ধর্মনগরের বাসিন্দাদের মধ্যেও মৃত্যুর ঘটনার তদন্তে গতি আনার দাবি উঠছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *