কমলপুর: বছরের পর বছর ধরে বেহাল দশা কমলপুর মহকুমার ঘাঁটি-দুরাইছড়া সড়কের। প্রতিদিন জনদুর্ভোগ চরমে উঠেছে। ৪০০-র বেশি পরিবারকে পোয়াতে হচ্ছে ভোগান্তি। বর্ষার জল জমে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকাও। প্রশাসন সবকিছু দেখেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করায় বাড়ছে ক্ষোভ।
কমলপুর মহকুমার ঘাঁটি থেকে দুরাইছড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাটির বহুদিন ধরেই বেহাল অবস্থা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই কাদা জমে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী এবং রোগী নিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এই সড়কের ওপর নির্ভরশীল চার শতাধিক পরিবারের নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুল্যান্স চলাচলও অনেক সময় কঠিন হয়ে পড়ে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত বাস্তবে কোনও কাজ শুরু হয়নি, বলেও অভিযোগ গ্রামবাসীদের।
এখন প্রশ্ন, বছরের পর বছর এই গুরুত্বপূর্ণ সড়ক অবহেলিত থাকবে কেন? সাধারণ মানুষের দুর্ভোগের দায় নেবে কে? প্রশাসনের আশ্বাস কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে, নাকি এবার সত্যিই শুরু হবে সংস্কারের কাজ?
এলাকাবাসীর দাবি, আরও দেরি না করে অবিলম্বে ঘাঁটি- দুরাইছড়া সড়কের সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান করুক সংশ্লিষ্ট প্রশাসন। এখন দেখার প্রশাসন আদৌও কী ব্যবস্থা নেয়। উন্নয়নের যে জোয়ার দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গায় বইছে তার প্রভাব কমলপুর মহকুমার ঘাঁটি থেকে দুরাইছড়া পর্যন্ত রাস্তায় পড়ে কিনা তাই এখন দেখার।
