আগরতলা: বিশিষ্ট শিক্ষাবিদ ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী পালনে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়েছিল আগরতলায়। এই অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের আদর্শ, কর্মজীবন, রাজনৈতিক দর্শন ও ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাজরা এলাকায় ১৯০১ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে ছাত্র সম্মেলনের আয়োজন করে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন আজও আমাদের অনুপ্রেরণা। দেশপ্রেম, শিক্ষা ও জাতীয়তাবাদের আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ গঠনের পথ দেখায়। ভারতের ঐক্য, অখণ্ডতা ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় তাঁর ভূমিকা স্মরণীয়।
মুখ্যমন্ত্রী ছাত্র-যুব সমাজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। শুধু তাই না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীকে সম্মান জানানোর বিষয়টি উল্লেখ করে এক নিশান, এক প্রধান, এক বিধানের উপর আলোকপাত করেন।
সম্মেলনে অন্যান্য বক্তারা শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষাবিদ, সংগঠক ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অবদানের কথাও তুলে ধরেন। জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং উপস্থিতদের সামনে তাঁর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
