রাজ্য়ে পথ চলা শুরু বৈদ্যুতিক ট্রেনের, আগরতলা রেল স্টেশনে পতাকা নাড়িয়ে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

খুশির হাওয়া যাত্রী মহলে

2 Min Read
আগরতলা-করিমগঞ্জ রুটে পথ চলা শুরু রাজ্যের প্রথম বৈদ্যুতিক ট্রেনের

আগরতলা: উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে নতুন অধ্যায়ের সূচনা হল ত্রিপুরায়। আগরতলায় উদ্বোধন হল রাজ্যের প্রথম মেমু ট্রেনের। করিমগঞ্জ-আগরতলা রুটে বাড়ল যাত্রীসুবিধা। আগামী দিনে বাংলাদেশের সঙ্গেও সংযোগের স্থাপনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে শনিবার আগরতলা থেকে করিমগঞ্জ এবং করিমগঞ্জ থেকে আগরতলার মধ্যে প্রথম মেমু ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাধারঘাটে অবস্থিত আগরতলা রেল স্টেশনে সবুজ পতাকা দেখিয়ে ট্রেন যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মিনারানী সরকার সহ বিশিষ্টরা।

রাজ্যের প্রথম মেমু ট্রেনের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে রেল যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নতুন মেমো ট্রেন চালু হওয়ায় প্রতিদিনের যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে। আসলে ত্রিপুরার রেল যোগাযোগকে আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। যেভাবে কাজ এগোচ্ছে তাতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সঙ্গে ট্রেন চলাচলের সম্ভাবনা বাস্তব রূপ পেতে পারে।

রাজ্যে মেমু ট্রেন চালুর ফলে যাত্রীদের মধ্যেও খুশির হাওয়া। এর মধ্যেই সাব্রুম পর্যন্ত মেমু ট্রেন চলাচলের দাবি জানালেন জনৈক যাত্রী। মেমু ট্রেন চালু হওয়ায় বিশেষ করে অফিস যাত্রীরা দারুণ খুশি। এতে দূরপাল্লার অফিস যাত্রীদের স্বাচ্ছন্দের যাত্রা হবে বলে জানালেন এক অফিস যাত্রী।

তবে বাংলাদেশের সঙ্গে ট্রেন চলাচলের সম্ভাবনাও বাস্তব রূপ পেতে পারে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের বাণিজ্য, যোগাযোগ ও পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সর্বোপরি নতুন মেমু ট্রেন চালুর মধ্য দিয়ে ত্রিপুরার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *