ঋষ্যমুখ: মাশকলাই ডাল চাষ করে ঋষ্যমুখে সাফল্য়ের মুখ দেখেছেন অনেকে। এবার এই ডাল চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল মাঠ দিবস কর্মসূচি।
কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতির প্রসারে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করছে ঋষ্যমুখ কৃষি দপ্তর। সেই উদ্যোগের অংশ হিসেবেই ত্রিপুরা কৃষি কলেজের সহযোগিতায় বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের হরিপুর ও ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক কৃষকের মধ্যে মাশকলাই ডালের বীজ বিতরণ করা হয়েছিল।
বিতরণ করা সেই বীজ ব্যবহার করে কৃষকরা সফলভাবে মাশকলাই ডাল চাষ করেছেন। চাষের অগ্রগতি, ফলন এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কৃষি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন কৃষকের ক্ষেত পরিদর্শন করেন। কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে চাষাবাদের অভিজ্ঞতা, উৎপাদন এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: অনলাইন সংস্থার পণ্যবাহী কন্টেনারের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা বানচাল, চুড়াইবাড়িতে ধৃত চালক
ক্ষেতে মাশকলাই ডালের ভালো ফলন দেখে কৃষি আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এলাকার অন্যান্য কৃষকদের মধ্যেও এই ফসল চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। কৃষি দপ্তরের আশা, আগামী দিনে আরও বেশি কৃষক মাশকলাই ডাল চাষে এগিয়ে আসবেন।
মাঠ দিবস কর্মসূচিতে কৃষকদের উপস্থিতি ও উৎসাহ ছিল উল্লেখযোগ্য। ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, কৃষকদের বীজ, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই দপ্তরের মূল লক্ষ্য।
আরও পড়ুন: বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর!
