আগরতলা: বৃহস্পতিবার বিকেলে দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেঘালয়ের শিলঙে উত্তর-পূর্ব পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণের পর তিনি আগরতলায় আসেন। শুক্রবার বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে পরিদর্শনের পর একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন (Border security)। এই বৈঠকে সীমান্ত সুরক্ষা, কেন্দ্র-রাজ্য সমন্বয়, গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন কার্যপরিধি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরের অংশ হিসেবে আগরতলার ঐতিহাসিক পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে ভূমিপূজার কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর উদয়পুরের মাতাবাড়িতে গিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করবেন। তাঁর সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার।
আরও পড়ুন: গন্ডাছড়ার পঞ্চরতন ভিলেজে আমবাগান ধ্বংস করার অভিযোগ, দোষীর গ্রেপ্তারির দাবিতে সরব ক্ষতিগ্রস্ত
এপ্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রশাসন সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফর থেকে যে ইতিবাচক সিদ্ধান্ত ও কর্মসূচির সূচনা হবে, তা রাজ্যের উন্নয়ন, নিরাপত্তা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানকার মৌলবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে গেছে। আসলে পশ্চিমবঙ্গ হয়ে যেভাবে তারা ভারতে অবাধে যাতায়াত করত তা বন্ধ হয়ে গেছে। আগামী দিনে অসমের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সীমান্ত সুরক্ষিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ফলে ত্রিপুরা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার ছক কষতে পারে জঙ্গিরা। তাদের সেই ইচ্ছাতেও জল ঢালার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অসম ও পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও সীমান্ত দুভের্দ্য করা হচ্ছে।
আরও পড়ুন: বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর!
