বিলোনিয়া: দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ ও বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে বিলোনিয়ার শচীন দেববর্মা অডিটোরিয়ামে দক্ষিণ জেলাভিত্তিক দুদিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা হল।
জনপ্রিয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী এবং নাট্য ব্যক্তিত্ব অমর মিত্র। অনুষ্ঠানে চারা গাছে জল সিঞ্চন ও ভীষ্মদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা মনোজ দেববর্মা।
আরও পড়ুন: গন্ডাছড়ার পঞ্চরতন ভিলেজে আমবাগান ধ্বংস করার অভিযোগ, দোষীর গ্রেপ্তারির দাবিতে সরব ক্ষতিগ্রস্ত
এবছর জেলাভিত্তিক এই শিশু নাট্য প্রতিযোগিতায় মোট ১২টি বিদ্যালয় অংশগ্রহণের কথা থাকলেও উদ্বোধনে একটি বিদ্যালয় অনুপস্থিত ছিল। প্রথম দিনে তিনটি নাটক মঞ্চস্থ হয় এবং শুক্রবার বাকি ৮টি বিদ্যালয় তাদের নাটক প্রদর্শন করবে। প্রতিটি নাটকের জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন আগরতলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পীযূষ রায় ও পার্থ মজুমদার। জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী দল রাজ্যভিত্তিক নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলার নবীন ও প্রবীণ নাট্য ব্যক্তিত্বদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
আরও পড়ুন: বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর!
