আগরতলা: আত্মসমপর্ণকারী প্রাক্তন জঙ্গিদের জন্য ২৩ কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ পুনরায় চালু করা এবং তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি জানানো হয়েছিল। সেগুলি পূরণ হওয়ার বিষয়ে আশ্বাস না পেলে ৫ জুন থেকে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের হুঁশিয়ারি। কিন্তু, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকের পর অবরোধের সিদ্ধান্ত প্রত্যাহার করল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। বৃহস্পতিবার ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির নেতা অমৃত রিয়াং জানান, সম্প্রতি রাজ্য সরকারের সঙ্গে সমস্যা সমাধানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ৯ জুন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকও রয়েছে। রাজ্য সরকারের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।
ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির দাবিগুলি পূরণের বিষয়ে রাজ্য সরকার সহানুভূতিশীল বলে দাবি করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হবে।
আরও পড়ুন: বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় বন দপ্তর!
এর আগে ফেব্রুয়ারি মাসে দাবি আদায়ের জন্য একইভাবে অবরোধের ডাক দিয়েছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। পরে বিকাশ দেববর্মার আশ্বাস তা প্রত্যাহার করে নেয়। সম্প্রতি ফের পাঁচ দফা দাবি আদায়ে ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেললাইনের অবরোধের ডাক দিয়েছিল তারা। কিন্তু, আবার তা প্রত্যাহার করল।
ওয়াকিবহাল মহলের মতে, বৃহস্পতিবার সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যে সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে পরিদর্শন করবেন। এই পরিস্থিতিতে ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করলে গোটা দেশের কাছে ত্রিপুরার ভাবমূর্তি খারাপ হত। আর তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের কয়েক ঘণ্টাই আগেই রাজ্য সরকারের তৎপরতায় অবরোধের রাস্তা থেকে সরে আসার ঘোষণা করল গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। রাজ্য প্রশাসনকে রক্ষা করল বিড়ম্বনার হাত থেকে।
আরও পড়ুন: অনলাইন সংস্থার পণ্যবাহী কন্টেনারের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা বানচাল, চুড়াইবাড়িতে ধৃত চালক
