আগরতলা: বুধবার আগরতলার রামকৃষ্ণ ক্লাবে অনুষ্ঠিত রক্তদান (Blood donation camp) কর্মসূচির মঞ্চ থেকে সমাজ গঠন, নারী ক্ষমতায়ন এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা (Tripura CM Dr: Manik Saha)।
রক্তদান কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার দেখে এভাবেই সমাজের সর্বস্তরে নারীদের সমানভাবে অংশ গ্রহণ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ‘মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয়টি শুধু আইন বা নীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন থেকেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে স্থানীয় পর্যায় থেকেই সচেতনতা ও নেতৃত্ব তৈরির কাজ শুরু করতে হবে। মহিলারা এগিয়ে এলে সমাজ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।”
শত প্রতিকূলতাকে হেলায় হারিয়ে বুধবার রামকৃষ্ণ ক্লাবের মহতী কর্মসূচিতে যোগ দিয়ে রক্তদান করেন বিশেষ ভাবে সক্ষম এক কিশোরী। তার পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে এই ধরনের ঘটনা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর মতে, ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই বড় নয় তা ওই কিশোরী প্রমাণ করেছে। রক্তের কোনও বিকল্প নেই। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সক্ষমদের রক্তদানে এগিয়ে আসা উচিত।
ক্লাব সংস্কৃতির বিবর্তন প্রসঙ্গে অতীতের অশান্ত সময়ের স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, “একসময় ক্লাব সংস্কৃতি নিয়ে মানুষের মধ্যে ভয় ছিল। এখন সেই পরিস্থিতি বদলেছে। বর্তমানে ক্লাবগুলো সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রতিযোগিতায় নেমেছে।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অংশ নিয়ে উচ্ছ্বসিত জনতা, উন্নয়নের নয়া দিশা দেখালেন ডাঃ মানিক সাহা
