Kamalpur News: সাংবাদিক সেজে গাঁজা পাচারের ছক বানচাল, কমলপুরে ধৃত বিহারের ২ যুবক

ব্যর্থ সাংবাদিক সেজে গাঁজা পাচারের ব্যবসা

editorvanguard
2 Min Read
বাজেয়াপ্ত হওয়া গাঁজা

কমলপুর: সাংবাদিকদের পরিচয় দিয়ে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ মাঝে মধ্যেই ওঠে। এবার গাড়িতে প্রেসের স্টিকার ও গলায় ভুয়ো প্রেস কার্ড ঝুলিয়ে গাঁজা পাচারের (Marijuana trafficking) সময় ধরা পড়ল দুই যুবক। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ গাঁজাও উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কমলপুরে। (Kamalpur news)

রবিবার একটি টয়োটা ইনোভা গাড়ির সামনে ও পিছনে প্রেসের বড় স্টিকার লাগিয়ে প্রচুর গাঁজা নিয়ে আগরতলা (Agartala) থেকে বিহারের (Bihar) উদ্দেশে রওনা দিয়েছিল দুই যুবক। গলা ঝোলানো ছিল সাংবাদিক লেখা ভুয়ো প্রেস কার্ড (Fake Press Card)। নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আগরতলা থেকে বেরোনোর পর একাধিক সাব ডিভিশন এলাকার নাকা চেকিং পেরিয়ে যায় ওই পাচারকারীরা। কিন্তু, শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন: বকেয়া ভাতা সহ একাধিক দাবি পূরণে আন্দোলনের পরিকল্পনা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

২০৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে তাদের গাড়ি আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা। জিজ্ঞাসাবাদে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয় ওই যুবকরা। বাড়ি বিহারে বলে জানায়। ওই যুবকদের একজনের গলায় ঝোলানো ভুয়ো প্রেস কার্ডে নাম লেখা ছিল দীপক কুমার দীপক ও পত্রিকার নাম টিটরেট। দুই যুবকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করেন। শুরু হয় তল্লাশি। আর তাতেই চোখ কপালে ওঠে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীদের। গাড়ির গোপন জায়গা থেকে উদ্ধার হয় ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

আরও পড়ুন: দোষীদের কঠোর শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ধর্মনগরের মৃত কাউন্সিলরের মা

ঘটনাটির খবর পেয়েই দ্রুত দুর্গা চৌমুহনীর নাকা পয়েন্টে যান কমলপুরের SDPO সমুদ্র দেববর্মা এবং কমলপুর থানার ওসি সুমন আচার্য্য। পুলিশ তড়িঘড়ি মাদক সহ গাড়িটি বাজেয়াপ্ত করে। দুই ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা দায়ের হয়েছে। গাঁজা পাচার চক্রের মূল শিকড়ের খোঁজে তদন্ত শুরু করেছেন তদন্তকারী দেবব্রত দত্ত।

বিশদ জানতে দেখুন ভিডিওঃ-

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *