আগরতলা: ত্রিপুরায় (Tripura) সংগঠনকে শক্তিশালী করতে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই হাতিয়ার করছে ফরওয়ার্ড ব্লক। রাজ্য়জুড়ে শুরু হচ্ছে ‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচি। রবিবার আগরতলায় ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরে অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজনের (D Devarajan) উপস্থিতিতে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে দল কোন পথে চলবে তার রূপরেখা ঠিক করা হয়। (News vanguard)
গুরুত্বপূর্ণ এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের (All India Forward Bloc) রাজ্য কমিটিকে নতুন এবং শক্তিশালীভাবে পুনর্গঠন করা হবে। তরুণ ও দক্ষ নেতৃত্বকে সামনে এনে দলকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। আর তাই সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে এবং ঘরে ঘরে জাতীয়তাবাদের চেতনা পৌঁছে দিতে এক অভিনব প্রচার কর্মসূচি হাতে নিয়েছে ফরওয়ার্ড ব্লক। রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘প্রতি ঘরে নেতাজি’ (Har Ghar Netaji) কর্মসূচি।
আরও পড়ুন: জনজাতিদের সার্বিক উন্নয়নে বিশেষ শিবির ঊনকোটিতে, উপকৃত প্রায় ২৬ হাজার মানুষ
এপ্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজন জানান, “ত্রিপুরায় ফরওয়ার্ড ব্লকের জনভিত্তি এবং শক্তি এখনও যথেষ্ট। কিন্তু, অভাব রয়েছে শক্তিশালী এবং গতিশীল নেতৃত্বের। আমরা সেই নেতৃত্বের অভাব দূর করে সংগঠনকে শক্তিশালী করার কাজ করছি। এই লক্ষ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও ‘নেতাজি ইজম’ কে সামনে রেখে কীভাবে ‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচি নিখুঁতভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে বিস্তারিত ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। এবার সেই অনুযায়ী কাজ করা হবে। (News vanguard)
রাজনৈতিক মহলের মতে, সামনেই ভিলেজ কমিটি নির্বাচন। তারপর বছরের শেষে রাজ্যের বিভিন্ন এলাকায় পুর নির্বাচন হওয়ার কথা। আর ঠিক দু’বছর পর রয়েছে বিধানসভা ভোট। তার আগে ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে কোমর বেঁধে নামতে চাইছে ফরওয়ার্ড ব্লক। হাতিয়ার করতে চাইছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কিংবদন্তী দেশনায়কের আদর্শকে হাতিয়ার করে ত্রিপুরায় বামপন্থী আন্দোলন তথা ফরওয়ার্ড ব্লক কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটাই দেখার।
