জনজাতিদের সার্বিক উন্নয়নে বিশেষ শিবির ঊনকোটিতে, উপকৃত প্রায় ২৬ হাজার মানুষ

৬৯টি ক্যাম্পে উপকৃত প্রায় ২৬ হাজার মানুষ

2 Min Read
ঊনকোটি জেলাশাসকের দপ্তরে সাংবাদিক বৈঠক

ধর্মনগর: জনজাতি সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ন ও তাঁদের নানা সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল রয়েছে কেন্দ্র। তাই দেশজুড়ে ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত জনভাগীদারি অভিযান ‘সবসে দূর, সবসে পহেলে’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ঊনকোটি জেলা প্রশাসন এই কর্মসূচিতে বড় সাফল্য অর্জন করেছে বলে সোমবার বিকেলে দাবি করলেন জেলাশাসক মেঘা জৈন। জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক বৈঠকে জেলাশাসক ছাড়াও ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

জেলা প্রশাসনের সাত দিনের বিশেষ শিবির সম্পর্কে বলতে গিয়ে জেলাশাসক মেঘা জৈন জানান, ঊনকোটি জেলার চারটি ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ১৮ মে থেকে বিশেষ শিবির শুরু হয়। ২৫ মে পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে মোট ৬৯টি শিবিরের আয়োজন করা হয়েছিল। ২৪ মে পর্যন্ত যা পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, এই শিবিরগুলিতে প্রায় ২৬ হাজার জনজাতি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। আধার কার্ড, রেশন কার্ড, উপজাতি শংসাপত্র, পিআরটিসি, উজ্জ্বলা যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ড যাঁদের ছিল না। তাঁদের হাতে প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, উদ্যানপালন, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে নানা ধরনের সুবিধা ও পরিষেবা প্রদান করা হয়। প্রতিটি শিবিরে সংশ্লিষ্ট ব্লকের বিডিও, মহকুমাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে পরিষেবা প্রদান কার্যক্রম তদারকি করেছেন।

ওয়াকিবহাল মহলের মতে, বিশেষ এই শিবিরের সাফল্য আগামী দিনে রাজ্যের শাসক দলের ভোট ব্যাঙ্কে বড় প্রভাব ফেলবে। এডিসি নির্বাচনে জনজাতিদের সমর্থন সেভাবে বিজেপির ভোট বাক্সে না এলেও আসন্ন ভিলেজ কমিটির ভোটে ছবি বদলে যাবে বলেই মনে করছে তারা। যদিও বাস্তবে কী হবে তার উত্তর রয়েছে ভবিষ্যতের গর্ভে।

আরও পড়ুন: গোহত্যা বন্ধ ও গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারকে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *