আগরতলা: প্রশ্ন ফাঁসের কারণে বাতিল হওয়া ২০২৬ সালের নিট (ইউজি) পরীক্ষা ফের নেওয়া হবে আগামী ২১ জুন। আগরতলার সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে একথা ঘোষণা করলে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমন্ত কুমার। সেই সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা ২০২৬-২৭ শিক্ষা বর্ষে রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্য প্রকাশ করেন।
৩ মে হয়েছিল ২০২৬ সালের নিট (ইউজি) পরীক্ষা। কিন্তু, প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল হয়ে যায়। দেশজুড়ে এই বিষয় নিয়ে এখনও তুমুল বিতর্ক চলছে। শুক্রবারই এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। এর মাঝেই ফের আগামী ২১ জুন NEET (UG) 2026 পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেলে। আগরতলার সচিবালয়ের সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করল উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যের সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলি ২০২৬-২৭ শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়েও তুলে ধরা হল বিস্তারিত তথ্য়। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তর সচিব রেবেল হেমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা ও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।
আগরতলার সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে ২১ জুনের নিট (ইউজি) পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের আশ্বস্ত করেছেন উচ্চশিক্ষা দপ্তর সচিব রেবেল হেমেন্দ্র কুমার। প্রতিবারের মতো এবার স্থানীয় কোনও সমস্যার জন্য পরীক্ষা প্রক্রিয়ায় কোনও অসুবিধা হবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সরকারি ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান , ২৯ মে থেকে রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে অনলাইন ফর্ম ফিলাপ শুরু হবে আর চলবে ৭ জুন রাত ১২টা পর্যন্ত। ১৯ জুন প্রকাশিত হবে প্রথম দফার মেধা তালিকা। আর এই তালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হবে ২২ ও ২৩ জুন। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে ২৪ জুন। ভর্তি নেওয়া হবে ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত। শুধু ছুটির দিন বন্ধ থাকবে ভর্তি প্রক্রিয়া। ৩০ জুন তৃতীয় তালিকা প্রকাশ হওয়ার কথা। ভর্তি হবে ১ ও ২ জুলাই। এরপর খালি থাকা বাকি আসনে ভর্তির জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে ৩ জুলাই। এই তালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হবে ৪ থেকে ৬ জুলাই।
আরও পড়ুন: কৃষ্ণচূড়ার লালিমায় স্বপ্ন জাগাচ্ছে বড়সুরমা গ্রাম, বাড়ছে পর্যটকের সংখ্যা
