বিবাদের জেরে স্ত্রীর গলায় সজোরে দা-এর কোপ! ধর্মনগরে ধৃত অভিযুক্ত স্বামী

স্ত্রীর গলায় দা-এর কোপে মারার অভিযোগে ধৃত স্বামী

editorvanguard
3 Min Read
হাসপাতালে জখম গৃহবধূ

ধর্মনগর: পারিবারিক অশান্তির জেরে স্বামীর দা-এর কোপে গুরুতর জখম হয়েছেন এক গৃহবধূ। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার দেওয়ানপাশা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে। বর্তমানে জখম গৃহবধূ ধর্মনগর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ দেওয়ানপাশা পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের শিববাড়ির কাছে একটি ভাড়া বাড়িতে এই ভয়ানক ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী আহত গৃহবধূর নাম শিল্পী সেন বর্মন। আর অভিযুক্ত স্বামীর নাম জয়দেব বর্মন। বয়স ৫০ বছর। ওই দম্পতির আসল বাড়ি কাঞ্চনপুরে। গত বছরের ডিসেম্বর মাসে তাঁরা দেওয়ানপাশা পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাড়িতে এসে বসবাস শুরু করেন। ভাড়া বাড়ির মালিক শশাঙ্ক দেবনাথের দাবি, ওই বাড়িতে ওঠার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। বুধবারও স্থানীয় বাসিন্দারা বিবাদের মীমাংসার জন্য বৈঠকে বসেন। পাশাপাশি স্থানীয় চেতনাশক্তি সমিতির সদস্যরাও বেশ কিছুদিন ধরে ওই দম্পতির সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু, তার মাঝেই ভয়ানক ঘটনা ঘটে গেল।

এই ঘটনার সূত্রপাত সম্পর্কে বাড়ির মালিক জানান, শিল্পী সেন বর্মন ডিভোর্স সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁজে না পাচ্ছিলেন। তাই ধর্মনগর মহিলা থানায় অভিযোগ করেন যে তাঁর স্বামী জয়দেব বর্মন সেই কাগজপত্র সরিয়ে রেখেছেন। এই অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পক্ষ থেকে জয়দেব বর্মনকে ফোন করা হয়। যার জেরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার রাত সাড়ে আটটার সময় ওই দম্পতির ঘর থেকে প্রবল চিৎকার শুনে ছুটে যান বাড়ির মালিক শশাঙ্ক দেবনাথের ছেলে। তারপর দরজা খুলতেই দেখতে পান, শিল্পী সেন বর্মন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।

আরও পড়ুন: বর্ষার শুরুতেই ধর্মনগর স্টেশন রোডে ‘মৃত্যুফাঁদ’! প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

অভিযোগ, ওই সময় জয়দেব বর্মন ধারালো দা হাতে ঘর থেকে পালিয়ে যান। শশাঙ্ক দেবনাথের ছেলে এসে বাবাকে পুরো ঘটনাটির কথা জানাতেই তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের খবর দেন। বিষয়টি জানানো হয় যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের।

খবর পেয়ে ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় শিল্পীদেবীকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, দা-এর কোপে ওই গৃহবধূর গলার পিছনের অংশে গভীর ক্ষত হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। নৃশংস এই ঘটনা প্রসঙ্গে উদ্ধারকারী দলে থাকা দমকল কর্মী জানান, ঘটনাটির খবর পেয়েই ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বিশদ জানতে দেখুন ভিডিও:

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *