বর্ষার শুরুতেই ধর্মনগর স্টেশন রোডে ‘মৃত্যুফাঁদ’! প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

রাস্তার বেহাল দশায় ক্ষোভ বাড়ছে জনমানসে

editorvanguard
2 Min Read
রাস্তার মাঝে পুকুর!

ধর্মনগর: বর্ষা এলেই বেহাল হয়ে পড়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাস্তাঘাট। বারবার আবেদন জানালেও প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে বলে অভিযোগ। এবছরও কয়েকদিনের বৃষ্টিতেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যেখানে-সেখানে বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা আর বৃষ্টির জলে তৈরি হওয়া ছোটখাটো পুকুর পেরিয়ে নিত্যদিন চলাফেরা করতে হচ্ছে মানুষকে। ই-রিকশা থেকে শুরু করে ছোট ও বড় গাড়ির চালক, এমনকী সাধারণ পথচারীরাও প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। রাজবাড়ি শপিং মল থেকে রাজবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকা পর্যন্ত স্টেশন রোড়ের অবস্থা এতটাই শোচনীয় যে জায়গাটাকে ‘মৃত্যুফাঁদ’ বলে উল্লেখ করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টির জলেই রাস্তার কোথায় গর্ত রয়েছে তা বোঝার উপায় নেই। ফলে প্রায় প্রতিদিন ই-রিকশা উল্টে যাওয়া, বাইক পিছলে পড়া কিংবা ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে।

               খারাপ রাস্তার জন্য যানজট

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার জন্য মানুষ ভোগান্তি পোহালেও প্রশাসনের কোনও হেলদোল নেই অভিযোগ। নিন্দুকরা কটাক্ষ করে বলছেন, চারিদিকে উন্নয়নের ঢাকঢোল পেটানো হলেও বাস্তবে ধর্মনগরের মানুষকে রাস্তার জন্য প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। সবথেকে খারাপ অবস্থা হয়েছে পথচারীদের। এমন কিছু জায়গা রয়েছে যেখানে দিনের বেলাতেই চলাচল কঠিন, সেখানে রাতের বেলা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সামান্য অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এই সব কিছু দেখে শুনেও প্রশাসন ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে বলে অভিযোগ। ফলে সমস্যা সমাধান হওয়ার কথা আশা দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ।

রাস্তার সমস্যা প্রভাব ফেলছে ধর্মনগর শহরের ব্যবসা-বাণিজ্যে। ক্রেতারা অনেকেই দুর্ভোগের কারণে শহরমুখী হতে চাইছেন না বলে অভিযোগ উঠছে। তাই অবিলম্বে রাস্তার হাল ফেরানোর দাবি করছেন মানুষ। রাস্তা নিয়ে প্রশাসনের নীরবতা কিসের ইঙ্গিত? কেন দ্রুত রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করা হচ্ছে না? তাই নিয়েও উঠছে প্রশ্ন। জনগণের করের টাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে নাগরিক পরিষেবার এই করুণ চিত্র জন্ম দিচ্ছে তীব্র ক্ষোভ। পুরোদমে বর্ষা শুরুর আগে তাই শহরবাসীর দাবি, অবিলম্বে ধর্মনগরের বেহাল রাস্তাগুলির সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে। নইলে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির দায় এড়াতে পারবে না প্রশাসন।

আরও পড়ুন: অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণের অভিযোগ, খোয়াইয়ের বড়বিলে ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *