অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণের অভিযোগ, খোয়াইয়ের বড়বিলে ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি

জেলাশাসকের দ্বারস্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার

editorvanguard
2 Min Read
বাড়ির উপরে ভেঙে পড়া গাছ

খোয়াই: নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও খামখেয়ালিপনার জেরে একটি পরিবারের বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই মহকুমার বড়বিল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনৈতিক পদ্ধতিতে রাস্তার পাশে ড্রেন নির্মাণ করার ফলে একটি বিশাল গাছ ভেঙে পড়ে বাড়বিল এলাকার বাসিন্দা বিকাশ চন্দ্র দে-র বাড়ির উপর। অল্পের জন্য পরিবারের সদস্যরা বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেও, ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে খোয়াই ২০৮-বি জাতীয় সড়ক থেকে বারবিল হয়ে চাম্পাহাউর যাবার রাস্তার সংযোগস্থলে। ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের পাশাপাশি ড্রেন নির্মাণের কাজ শুরু হতেই নির্মাণ সংস্থার বিরুদ্ধে অনৈতিকভাবে কাজ করার অভিযোগ ওঠে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র দে সরাসরি সংবাদমাধ্যমের কাছে নির্মাণ সংস্থার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন। তাঁর দাবি ড্রেন কাটার সময় খামখেয়ালিপনার কারণে বাড়ির সীমানায় থাকা একটি গাছ একপাশে হেলে পড়ে এবং বাড়ির বিদ্যুৎবাহী তার ছিঁড়ে যায় ফলে নানা সমস্যা দেখা দিয়েছে। এর মাঝেই মঙ্গলবার ভোরে আচমকা কালবৈশাখী ঝড় শুরু হলে ওই হেলে থাকা গাছটি সম্পূর্ণভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিকাশ চন্দ্র দের ঘরের ওপর।

এপ্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বিকাশবাবু জানান, “নির্মাণ সংস্থার খামখেয়ালিপনা নিয়ে আগেই আপত্তি জানানো হয়েছিল। গাছটি হেলে পড়ার পর আমরা আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। আজ ভোরের ঝড়ে গাছটি ঘরের চাল ভেঙে ভেতরে ঢুকে যায়। যদি সজাগ না থাকতাম, তবে আজ নিশ্চিতভাবে প্রাণহানির মতো বড় ঘটনা ঘটত।”

এই ঘটনার পর ওই পরিবারের তরফে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, সেখান থেকে কোনও সদুত্তর বা সহায়তার আশ্বাস মেলেনি বলেই অভিযোগ। ফলে চরম ক্ষোভ উগরে দিয়ে বিকাশ চন্দ্র দে জানিয়েছেন, তিনি এবার সুষ্ঠু বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরাসরি খোয়াই জেলা শাসকের দ্বারস্থ হচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, ধর্মনগরের বিধায়কের উদ্যোগে বাংলা বাজারের সামনে হাল ফিরছে কদমতলা-রানিবাড়ি সড়কের

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *