আগরতলা: জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্যে এনডিএ সরকার ভালো কাজ করছে। আগরতলার গোর্খাবস্তির প্রজ্ঞা ভবনে আয়োজিত জনজাতি গরিমা উৎসবের মঞ্চ থেকে এই দাবিই করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দেশের মধ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষের জীবনের মানোন্নয়নে ত্রিপুরা সরকার উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করলেন।
কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার স্মরণে ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত দেশজুড়ে জনজাতি গরিমা উৎসব ২০২৬ উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে প্রজ্ঞা ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।

১২ বছর আগে ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে জনজাতি কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে তার সরকার। ২০১৮ সালে রাজ্যের ক্ষমতায় আসার পরে ত্রিপুরাতেও জনজাতিদের জীবনের মানোন্নয়নে কাজ করে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। কীভাবে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়ন করা যায় তা নিয়ে নিত্যনতুন পরিকল্পনা করছে। যার সুফলও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। উন্নয়নমূলক কাজের গতিকেও আর বৃদ্ধি করতে নেওয়া হচ্ছে নানা উদ্য়োগ। প্রজ্ঞা ভবনে আয়োজিত জনজাতি গরিমা উৎসবের মঞ্চ থেকে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে পুরো দেশের মধ্যে ত্রিপুরা উল্লেখ্য়যোগ্য কাজ করছে বলেই দাবি করলেন। জনজাতি উন্নয়নের জন্য রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার পাশাপাশি লাগাতার নজরদারি চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ত্রিপুরায় যে ১৯ জনজাতি গোষ্ঠী রয়েছে তাদের জন্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান। প্রকল্পগুলির কাজ ঠিকমতো এগোচ্ছে কিনা তা দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলিকে কিছুদিন পরপরই পর্যালোচনা বৈঠক করারও পরামর্শ দেন।
আরও পড়ুন: অভিষেক দেবরায়ের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সংগঠন, আশা মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি নেতৃত্বের
বিশদে জানতে দেখুন ভিডিও-
