আগরতলা: কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ত্রিপুরার নয়া বিজেপি সভাপতি হিসেবে ঘোষণা হয়েছে অভিষেক দেবরায়ের নাম। একদম বুথ স্তর থেকে ধাপে ধাপে রাজ্য সভাপতি পদে উত্তরণ হয়েছে মাতাবাড়ির বিধায়কের। যা দেখে উৎসাহিত হচ্ছেন রাজ্যের সর্বস্তরের বিজেপি নেতা-কর্মীরা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই তাঁদের বিশ্বাস। বৃহস্পতিবার আগরতলার কৃষ্ণনগরে বিজেপি রাজ্য দপ্তরে যখন নয়া রাজ্য সভাপতি সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখনও দলের নেতা-কর্মীদের চোখে সেই বিশ্বাসের ছবিই যেন ফুটে উঠল।
রাজ্য দপ্তরে নয়া সভাপতিকে সংবর্ধনা জানার পর একই আশা প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও বিদায়ী রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যকে। নয়া সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ‘রাজীব ভট্টাচার্য রাজ্য সভাপতি থাকাকালীন অত্যন্ত ভালো কাজ করেছেন। আমরা আশাকরি অভিষেক দেবরায়ের নেতৃত্বে আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। সংগঠনকে সর্বস্তরে শক্তিশালী করে উন্নত ত্রিপুরা গঠনের লক্ষ্য একসঙ্গে এগিয়ে যাব আমরা।’
মুখ্যমন্ত্রীর সুরেই নয়া রাজ্য সভাপতির প্রতি নিজের আস্থা প্রকাশ করে বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য। অভিষেক দেবরায়ের একদম বুথ স্তর থেকে উঠে আসার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘মাতাবাড়ির সম্মানীয় বিধায়ক অভিষেক দেবরায় একদম বুথ স্তর থেকে উঠে এসে রাজ্য সভাপতি হয়েছেন। তাঁর নেতৃত্বে রাজ্যে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে বলেই আমরা মনে করি। নতুন সভাপতির নেতৃত্বে বিজেপি মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির স্বপ্ন দেখেছেন তা সফল করবে।’
ওয়াকিবহাল মহলের মতে, নয়া সভাপতির সামনে দুটি অ্য়াসিড টেস্ট রয়েছে। একটি ভিলেজ কমিটি নির্বাচন ও অন্য়টি পুরনিগম এবং পুর পরিষদ নির্বাচন। এই নির্বাচনগুলিতে বিজেপি ভালো ফলাফল করলেই অভিষেক দেবরায়ের অগ্রগতি আর কেউ আটকাতে পারবে না। তাই দায়িত্ব হস্তান্তর হওয়ার পরেই নয়া রাজ্য সভাপতি সেই লক্ষ্য পূরণেই সচেষ্ট হবেন।
