আমবাসা: দলীয় নেতা-কর্মীদের দলের নীতি ও আদর্শ সম্পর্কে সচেতন করতে দেশজুড়ে চলছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬। রাজ্যের বিভিন্ন মণ্ডলের মতো বুধবার এই প্রশিক্ষণ বর্গের সূচনা হল ধলাই জেলার আমবাসায়। পিআরটিআই হলে আয়োজিত দুদিনব্যাপী এই মণ্ডল প্রশিক্ষণ বর্গে আমবাসা মণ্ডলের অন্তর্গত বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা অংশ নেন।
দিনের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির আমবাসা মণ্ডলের সভাপতি অজয় অধিকারী। তারপর বিজেপির অন্যতম প্রধান পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে কর্মসূচির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী, ধলাই জেলা কমিটির যুগ্ম সহ সভাপতি শঙ্কর চক্রবর্তী ও মৃদুল দত্ত এবং প্রশিক্ষক তথা বক্তা রূপালী অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমবাসা মণ্ডলের বিজেপি সভাপতি অজয় অধিকারী বলেন, এই প্রশিক্ষণ বর্গে দলের নীতি, আদর্শ, সুশাসন এবং সাংগঠনিক বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। মূলত নিচুতলার কর্মীদের বুথ স্তরে আরও সক্রিয় করতে এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার রণকৌশল শেখানোই এই শিবিরের মূল উদ্দেশ্য। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ের ভাবনাকে সামনে রেখে কার্যকর্তারা আগামী দিনে মানুষের কল্যাণে আরও উৎসর্গীকৃতভাবে কাজ করবেন। এই আশা করছে দলের শীর্ষ নেতৃত্ব। আমবাসা মণ্ডলের সভাপতি আরও জানান এই প্রশিক্ষণ বর্গে আমবাসা মণ্ডলের অন্তর্গত বুথ স্তর থেকে শুরু করে মন্ডল ও উপজেলা স্তরের পদাধিকারীরা অংশগ্রহণ করেছেন।
সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে কার্যকর্তাদের প্রস্তুত রাখতে বিজেপির এই প্রশিক্ষণ শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই সঙ্গে এই কর্মসূচি রাজ্যের আসন্ন নির্বাচনগুলির আগে বিজেপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতেও যথেষ্ট ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।
