ধর্মনগর: দীর্ঘদিন ধরেই ধর্মনগর মহকুমার একাধিক এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অমিল দেখা দিয়েছে। বারবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি। তাই পানীয় জলের এই সঙ্কটকে কেন্দ্র করে বাড়ছে জন অসন্তোষ। দূষিত জল সরবরাহের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত পানীয় জলের ব্যবহারেই বাড়ছে জলবাহিত রোগের ঝুঁকি। সাকাইবাড়ি, শিববাড়ি, মান্ডব পাড়া ও জেল রোডে জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতি এবার নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে পথে নামল যুব কংগ্রেস। সোমবার সকালে ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় রাস্তা অবরোধ শুরু হয়।
অবরোধে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। রাস্তার দু’পাশে তৈরি হয় তীব্র যানজট। এর ফলে চরম ভোগান্তি পোয়াতে হয় ওই রাস্তায় যাতায়াতকারীদের। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে আন্দোলন স্থলে গিয়ে পৌঁছান ডিডব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন। বেশ কিছুক্ষণ ধরে আলোচনার পর সমাধানের পথে এগোয় দু-পক্ষ। ডিডব্লিউএস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের আশ্বাসের পর যুব কংগ্রেস অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল ও পরিস্থিতি। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা মেটাতে হবে।
এখন দেখার প্রশাসন এই বিষয়ে কত দ্রুত ব্যবস্থা নেয়। দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সঙ্কট কাটিয়ে উঠতে পারেন কিনা ভুক্তভোগীরা।
