বন্য হাতির তাণ্ডবে ঘুম উড়েছে তেলিয়ামুড়ার কৃষ্ণপুরের বাসিন্দাদের, বন দপ্তর ও প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ

গজরাজের উৎপাতে অতিষ্ঠ মানুষ

editorvanguard
2 Min Read
হাতির তাণ্ডবে জনদুর্ভোগ

কৃষ্ণপুর: বন্য দাঁতাল হাতির তাণ্ডবের জেরে রাত জাগছেন কৃষ্ণপুর বিধানসভার একাধিক এলাকার মানুষ। সন্ধ্যা নামলেই আতঙ্কে কাটছে প্রতিটি মুহূর্ত। ইতিমধ্যেই জমিতে চাষ করা ফসল ও ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বহু পরিবার। বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার এই যন্ত্রণার স্থায়ী সমাধানের আবেদন জানালেও কোনও সুরাহা হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে প্রতিদিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য হাতির তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় ৭০টি পরিবার। প্রতিদিন সন্ধ্যা নামলেই গ্রামজুড়ে তৈরি হয় ভয়ের পরিবেশ। ঘরের দরজা বন্ধ করেও নিশ্চিন্ত হতে পারেন না কেউ। যে কোনও সময় হাতির হানায় ভেঙে পড়তে পারে বাড়ি, নষ্ট হতে পারে বছরের একমাত্র সম্বল চাষের ফসল এই দুশ্চিন্তা নিয়ে দিন কাটে মানুষের।

এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে এই সমস্যা চললেও স্থায়ী সমাধান আজও অধরা। ফসল নষ্ট হচ্ছে। ঘরবাড়ি ভাঙছে। আর্থিকভাবে পথে বসছেন কৃষকরা। অতীতের প্রাণহানির স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বাসিন্দাদের।

প্রশ্ন উঠছে, আর কতদিন আতঙ্কে রাত কাটাবে কৃষ্ণপুর? আর কত ফসল নষ্ট হলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে? আর কত প্রাণহানির পর স্থায়ী সমাধানের পথে হাঁটবে বনদপ্তর? এলাকাবাসীর একটাই দাবি, মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ নিরাপদে বেঁচে থাকার অধিকার শুধু শহরের নয়, গ্রামের প্রতিটি মানুষেরও। সরকার সেই অধিকার রক্ষায় আদৌও কোনও ব্য়বস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *