আগরতলা: দেশজুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। আগরতলার কৃষ্ণনগরে বিজেপির রাজ্য অফিসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল মহান এই শিক্ষাবিদ ও রাজনীতিকের জন্মদিন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় তাঁদের বক্তব্যে তুলে ধরলেন ডঃ মুখার্জীর আদর্শের চিরন্তন প্রাসঙ্গিকতার কথা।
সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় ও মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দলের অন্যান্য নেতা-নেত্রী, কর্মী ও সমর্থকরা।
এরপর বক্তব্য রাখতে গিয়ে ভারতের অখণ্ডতা বজায় রাখার জন্য ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জির নিঃস্বার্থ অবদানের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বলেন, “ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আদর্শ আজও আমাদের পথ দেখায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁর অবদানও চিরস্মরণীয়।
বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একজন দূরদর্শী নেতা ছিলেন না। তিনি ছিলেন মানবিক ব্যক্তিত্ব। অসুস্থ কাজী নজরুল ইসলামের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
অনুষ্ঠনে উপস্থিত সকলেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর আত্মত্যাগ, জাতীয়তাবোধ এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন বক্তারা।
