ত্রিপুরা ব্যবসায়িক সম্মেলন ২০২৬-র প্রস্তুতি তুঙ্গে, মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক

রাজ্যে বাড়বে বিনিয়োগের পরিমাণ

editorvanguard
2 Min Read
বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনে মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা: আগামী ৯ ও ১০ জুলাই অনুষ্ঠিত হতে চলা গন্তব্য ত্রিপুরা ব্যবসায়িক সম্মেলন ২০২৬-কে সামনে রেখে রবিবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিভিন্ন দপ্তরের সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরা। আসন্ন সম্মেলনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, পরিকাঠামো ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সুযোগের প্রবেশদ্বার, প্রবৃদ্ধির বিশ্বস্ত অংশীদার হিসেবে ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। অতীতে সীমিত পরিসরে আয়োজন হলেও এবার বাড়তি অংশগ্রহণের কারণে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বৃহৎ আকারে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দেশ-বিদেশের অন্তত পাঁচশো শিল্পপতি ও ব্যবসায়ী এই সম্মেলনে অংশ নেবেন। এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি।

তিনি আরও জানান, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। রাজ্যের শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বহুজাতিক সংস্থা ত্রিপুরায় বিনিয়োগের বিষয়ে উৎসাহিত হয়েছে। যার ফল গত কয়েক বছর ধরে দেখা গেছে। বর্তমানে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ায় দেশ-বিদেশের শিল্পপতিদের নজর পড়েছে ত্রিপুরার দিকে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়ছে। ৯ ও ১০ জুলাইয়ের ব্যবসায়িক সম্মেলনের পর তা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *