রাস্তা না মৃত্যুফাঁদ! কমলপুর মহকুমার বিভিন্ন এলাকায় ২০৮ জাতীয় সড়কের বেহাল দশায় বাড়ছে ক্ষোভ

বেহাল রাস্তায় জনদুর্ভোগ

editorvanguard
2 Min Read
২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা কমলপুরে

কমলপুর:  কমলপুর মহকুমার মানিকভান্ডার–লাম্বুছড়া–আনন্দবাজার– শ্রীরামপুর সড়ক এখন যেন মৃত্যুফাঁদ! অভিযোগ ২০৮ নং জাতীয় সড়কের এই অংশে বড় বড় গর্ত দেখে বোঝা দায় এটা সত্যি কি জাতীয় সড়ক? ভাঙাচোরা অংশ এবং বৃষ্টির জলে তলিয়ে থাকা রাস্তা প্রতিদিনই হাজারো মানুষের জন্য চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এই রাস্তা নিয়ে সংবাদের পর সংবাদ হয়েছে, তবুও টনক নড়ছে না ২০৮ নং জাতীয় সড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওরফে এইচ ডি সি এলের।

স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনের নজরে আনা হয়েছে, তবুও যেন কোনও হেলদোল নেই। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী, অ্যাম্বুলেন্স, অটোরিকশা,টমটম, দুচাকার গাড়ি, পণ্যবাহী ট্রাক সহ শত শত যানবাহন চলাচল করে। কিন্তু প্রতিটি যাত্রাই এখন যেন একেকটি ঝুঁকির নাম। খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, বাড়ছে মেরামতের খরচ, নষ্ট হচ্ছে সময় এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

এলাকাবাসীর স্পষ্ট দাবি আর আশ্বাস নয়, অবিলম্বে স্থায়ীভাবে এই সড়কের সংস্কার শুরু করতে হবে। কারণ, একটি জাতীয় সড়কের এমন বেহাল চিত্র শুধু প্রশাসনিক অবহেলার অভিযোগই নয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবন যাত্রার ওপরও বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলেও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তাদের কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়েনি। ফলে প্রশ্ন উঠেছে সংবাদ কি শুধু শিরোনামেই সীমাবদ্ধ! নাকি সমস্যার সমাধানেও প্রশাসনের কোনও দায়িত্ব রয়েছে? নাকি উন্নয়নের জোয়ার রাজ্যের কিছুটা জায়গাতে বইয়ে দিয়ে নিজেরাই নিজেদের পিঠ চাপড়াতে ব্যস্ত রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *