বিশালগড়: বিশালগড়ে ফের আতঙ্কের ছায়া। শনিবার গভীর রাতে মুড়াবাড়ি বাইপাসে ঘটে গেল এক ভয়ংকর ছিনতাইয়ের ঘটনা। বক্সনগরের আশাবাড়ির একটি পরিবার আগরতলা থেকে নিজস্ব গাড়িতে ফিরছিলেন। হঠাৎ একটি কালো স্কর্পিও তাদের পথ আটকে দেয়। অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করে চালককে তুলে নিয়ে যায়। তিন মহিলার গলার স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রাণ বাঁচাতে শিশুদের নিয়ে তাঁরা পাশের জঙ্গলে আশ্রয় নেন। ভোর হলে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। ভয়ার্ত কন্ঠে সেই আতঙ্কজনক ঘটনার কথা জানালেন ভুক্ত ভোগী মহিলা।
দীর্ঘ পথ হাঁটিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাদের কাছ থেকে তাদের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে মহিলার অভিযোগ। খবর পেয়ে পুলিশ আসে, কিন্তু আক্রান্তদের থানায় গিয়ে জি ডি এন্ট্রি করার পরামর্শ দিয়ে চলে যায়, বলে জানালেন ওই মহিলা।
সকালে বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে এই ঘটনা দেখে স্থানীয় সাধারণও হতভম্ব আতঙ্কিত। ঘটনায় কার্যত বিস্ময় প্রকাশ করলেন উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে স্বভাবতই উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে পুলিশ থানায় অভিযোগ জানাতে বলে ফিরে যায়। অপহৃত কিংবা নিখোঁজ চালককে খুঁজে পেলে থানায় নিয়ে আসার কথাও বলা হয়েছে বলে দাবি আক্রান্ত মহিলাদের। তবে কি অপরাধীদের মনে আর পুলিশের ভয় নেই? রাতের অন্ধকারে সাধারণ মানুষ কতটা নিরাপদ? বাইপাস কি এখন ছিনতাইকারীদের দখলে? তবে শেষ পর্যন্ত এই ঘটনার তদন্তে নেমে রঘুনাথপুর রেল স্টেশন এলাকা থেকে পায়েল আলম ও জুয়েল মিয়া নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একের পর এক এমন ঘটনায় বিশালগড়ের মানুষ আতঙ্কিত। নিরাপত্তা জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
