প্রায় শেষের পথে নরসিংগড়ে নির্মীয়মাণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ, জানাল টিসিএ

দীর্ঘ প্রতীক্ষার অবসান

2 Min Read
নরসিংহগড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

আগরতলা:  অবশেষে সত্যি হতে চলেছে ত্রিপুরায় বসে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখার স্বপ্ন। আগরতলার অনতিদূরে নরসিংগড়ে নির্মীয়মাণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ প্রায় শেষের পথে। বুধবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানালেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ও সম্পাদক সুব্রত দে। তাঁদের দাবি, অধিকাংশ পরিকাঠামোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।

এপ্রসঙ্গে টিসিএ-র ভাপতি তপন লোধ বলেন, কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত সময়সীমা মেনেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রাজ্যবাসীকে উপহার দিতে আমরা আশাবাদী। এক্ষেত্রে প্লেয়ারদের টাকা থেকে এক পয়সাও নষ্ট হতে দেওয়া হয়নি।

সম্পাদক সুব্রত দে জানান, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও সাব-এজেন্সিগুলিকে ইতোমধ্যেই কার্যাদেশ দেওয়া হয়েছে। ফলে বাকি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। শুধু তাই নয় এই স্টেডিয়াম নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে, এক মাসের মধ্যে এক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার ব্যাপারে বিসিসিআই সচিবের উদ্ধৃতি দিয়ে জানালেন টিসিএ সম্পাদক সুব্রত দে।

উল্লেখ্য প্রকল্পের মোট বিল অফ কোটেশনস তথা বি ও কিউ মূল্য ১৮৫ কোটি ১৩ লক্ষ ১৮ হাজার ৯৫৮ টাকা। ৩০ জুন পর্যন্ত প্রায় ১৭৮ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রায় ২৭ কোটি টাকার কাজ পরিশোধযোগ্য অবস্থায় রয়েছে। বিওকিউ অনুযায়ী অবশিষ্ট কাজের মূল্য প্রায় সাত কোটি টাকা। ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তারা জানান- এখন আইবিএমএস, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ছাদ, এসিপি, ফলস সিলিং এবং ফায়ার ফাইটিং ব্যবস্থার কাজ চলছে। ছয়টি ফ্লাডলাইট হাই মাস্টের ভিত্তি নির্মাণ শেষ হয়েছে এবং ফ্লাডলাইটও নির্মাণস্থলে পৌঁছে গেছে। জেনারেল স্ট্যান্ড গ্যালারি ও প্রিমিয়াম সিটিং-টু-এর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মিডিয়া প্যাভিলিয়ন ও টিভি প্রোডাকশন ভবনের কাজ ২০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। আর পুরো প্রকল্পের কাজ আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যেই শেষ হবে বলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা আশা ব্যক্ত করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *