আগরতলা: ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যস্ত ক্রীড়াসূচির মধ্যেই শুরু হচ্ছে নতুন ফুটবল প্রতিযোগিতা। শনিবার থেকে মাঠে গড়াচ্ছে তৃতীয় ডিভিশন সুপার লিগের গুরুত্বপূর্ণ আসর। আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এরপর ১২ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার আসর।
এখন থেকেই এই ফুটবল প্রতিযোগিতার আসরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দশটি দল। প্রত্যেক দলই সাফল্যের লক্ষ্য নিয়ে নিয়মিত অনুশীলনে ব্যস্ত। পিছিয়ে নেই ২০২৩ সালের প্রথম ডিভিশনের দল ত্রিবেণী সংঘও। প্রত্যাশিত ফল না পাওয়ায় দলটি দ্বিতীয় ডিভিশনে নেমে এসেছিল। গত দুই মরসুম দ্বিতীয় ডিভিশনে খেলেই অভিজ্ঞতা সঞ্চয় করেছে দল।
এবার প্রথম ডিভিশনে ফেরাই ক্লাবের একমাত্র প্রধান লক্ষ্য। ক্লাবের টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তন্ময় ধর।
কোচ সমরজিৎ দেববর্মার তত্ত্বাবধানে চলছে নিয়মিত কঠোর অনুশীলন। দলে রয়েছেন রাজ্যের ১৭ জন প্রতিভাবান ফুটবলার।
পাশাপাশি বহিঃরাজ্যের তিনজন ফুটবলারও দলে শক্তি বাড়িয়েছেন।
টিম ম্যানেজার তন্ময় ধরের দাবি, লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন হওয়া। দ্বিতীয় ডিভিশনের শিরোপা জিতে প্রথম ডিভিশনে উঠতে চায় দল।
ফুটবলাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে সেই স্বপ্ন বাস্তব হবে বলেই আশাবাদী ত্রিবেণী সংঘ শিবির।
