আগরতলা: আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস সত্যি করে গত কয়েকদিন ধরেই কমবেশি বৃষ্টি হচ্ছে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে।
বুধবার দুপুরে আইএমডি আগরতলার প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, আগামী পাঁচ দিন রাজ্যের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। এর সঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে নিচু এলাকা এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বজ্রঝড়ের সময় খোলা মাঠ, উঁচু স্থান এবং বড় গাছের নিচে আশ্রয় নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ তথ্যের দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বুধবার সকালে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চার দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বর্ষার এই সক্রিয় পরিস্থিতিতে রাজ্যজুড়ে আকাশ মেঘলা এবং আবহাওয়া অস্থির থাকার ইঙ্গিত দিয়েছে আইএমডি আগরতলা দপ্তর কর্তৃপক্ষ।
