রাজ্যজুড়ে লাগাতার ঝড়-বৃষ্টির সম্ভাবনা, চার জেলায় জারি সতর্কতা

রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ

editorvanguard
2 Min Read
ফাইল ফটো

আগরতলা: আগামী সপ্তাহজুড়ে ত্রিপুরায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আই এম ডি। বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। রয়েছে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মেলার সম্ভাবনা।

ত্রিপুরার জন্য প্রকাশিত বুধবার দুপুরে আইএমডি আগরতলার বুলেটিনে আগামী সাত দিনের জন্য বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত উত্তর, ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। আই এম ডি আগরতলার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন ত্রিপুরার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টিও হতে পারে। ফলে খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

১৯ ও ২০ জুনেও রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। বর্ষাকাল সক্রিয় থাকায় কৃষিকাজ, জলাধারের জলস্তর এবং দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে রবিবার রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ১ ডিগ্রি কম। আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৮ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ২ ডিগ্রি বেশি এবং আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৪ ডিগ্রি বেড়েছে।

আগামী তিন থেকে চার দিন রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমলেও বজ্রপাত ও ঝড়বৃষ্টির ঝুঁকি মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *