সেকেরকোটে কুলাঙ্গার পুত্রের প্রাণঘাতী হামলায় জখম ৭০ বছরের বৃদ্ধা মা

পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধা মা

editorvanguard
2 Min Read
অভিযু্ক্ত ছেলে

আমতলী: কুলাঙ্গার পুত্রের প্রাণঘাতী হামলার শিকার হলে ৭০ বছর বয়সী মা। পাশবিক এই ঘটনাটি ঘটেছে  আমতলী থানার সেকেরকোটের নেতাজি সুভাষ কলোনি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ৭০ বছর বয়সী বৃদ্ধা রানুবালা সরকারের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তাঁরই ছোট ছেলে বাচ্চু সরকার। যে সন্তানকে বুকের দুধ খাইয়ে, আদর-স্নেহে মানুষ করেছিলেন মা, শেষ বয়সে সেই সন্তানের বিরুদ্ধেই থানার দ্বারস্থ হতে হল তাঁকে।

জানা গেছে, স্বামী বিশ্বনাথ সরকারের মৃত্যুর পর রানুবালা দেবী ভেবেছিলেন ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে শান্তিতে জীবন কাটাবেন। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরে ছোট ছেলে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। শুধু তাই নয়, বৃদ্ধা মায়ের কাছ থেকে প্রতি মাসে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। শনিবার একটি চেয়ার দিয়ে তাঁকে আঘাত করা হয়। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তিনি আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার হাসপাতালে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে রানুবালা দেবী বলেন, আমি বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও।

আমতলীর এই ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। যে মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেন, সেই মায়ের নিরাপত্তা কোথায় তাই জানতে চাইছে সবাই? পুলিশের কাছে অভিযোগের পরও যদি দ্রুত ব্যবস্থা না হয়, তবে নির্যাতিত প্রবীণ-প্রবীণরা কার কাছে আশ্রয় চাইবেন?

স্থানীয়রা মহিলা কমিশন ও পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বৃদ্ধা মায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *