‘১২ বছরে বদলে গেছে উত্তর-পূর্ব ভারত’, প্রধানমন্ত্রী মোদির শাসনকালের প্রশংসা করে দাবি মুখ্য়মন্ত্রী মানিক সাহার

প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা

আগরতলা: ত্রিপুরার অগ্রগতিতে কেন্দ্রীয় সহযোগিতার ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জানালেন আট জেলায় আয়োজিত জনকল্যাণ শিবিরের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাবে সরকারি প্রকল্পের বার্তা।

রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উন্নয়ন, জিডিপি, পর্যটন ও পরিকাঠামোর ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলকে বর্তমান প্রধানমন্ত্রী যে গুরুত্ব দিয়েছেন, এর আগে কেউ দেননি। ২০১৪ সালের আগে এই অঞ্চল দীর্ঘদিন উপেক্ষিত ছিল। তবে এই অঞ্চলে উন্নয়নের সূচনা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রের অ্যাক্ট ইস্ট নীতির ফলে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরায় জাতীয় সড়ক, যোগাযোগ ব্যবস্থা এবং ডিজিটাল পরিকাঠামোয় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। মুম্বই ও চেন্নাইয়ের পর ত্রিপুরার ইন্টারনেট গেটওয়ে দেশের তৃতীয়। তিনি আরও বলেন, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে মন্ত্রিসভা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-অফিস চালু হয়েছে। স্বচ্ছতা ও সুশাসনের জন্য আলাদা সুশাসন বিভাগ গঠন করা হয়েছে।

তাঁর দাবি, মাথাপিছু আয়ের নিরিখে উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে এবং নীতি আয়োগ রাজ্যকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বকর্মা যোজনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ১৮টি সম্প্রদায়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা ৩৫০-রও বেশি আঞ্চলিক এবং জাতীয় পুরস্কার অর্জন করেছে। এখন আমরা ভারতীয় বলে অনুভব হয়, ঠিক এভাবেই প্রধানমন্ত্রী মোদির কৃতকর্মের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

১৪ থেকে ১৬ জুন জেলা ভিত্তিক এবং ১৫ থেকে ১৭ জুন ব্লক ও নগর পঞ্চায়েত ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, বলে জানান মুখ্যমন্ত্রী।

রবিবার অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি তথা অভিষেক দেবরায় সহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, একটা সময় ভারতবাসীর কাছে উত্তর পূর্বাঞ্চল ছিল ভীতির বিষয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদি দায়িত্ব নিয়ে বলেছিলেন উত্তর পূর্বাঞ্চল দেশের অষ্টলক্ষ্মী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *