শান্তিনিকেতন মেডিকেল কলেজে তরুণী কর্মীর মৃত্যু রহস্য নিয়ে একাধিক জল্পনা, জোরকদমে চলছে তদন্ত!

দরজা ভাঙার আসল কারণ কী? উঠছে প্রশ্ন

2 Min Read
শান্তিনিকেতন মেডিকেল কলেজ

আগরতলা: শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণী কর্মী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নতুন করে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তদন্ত যত এগোচ্ছে, ততই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। বিশেষ করে যে প্রশ্নটি এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলের আলোচনার কেন্দ্রে, তা হলো- গভীর রাতে সংশ্লিষ্ট বেসরকারি নিরাপত্তারক্ষী এবং অন্যান্যরা কীভাবে জানতে পারলেন যে হোস্টেলের ওই ঘরে কোনো অঘটন ঘটেছে?

সাধারণত এ ধরনের ঘটনার ক্ষেত্রে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকা, ফোনে যোগাযোগ না হওয়া কিংবা পরদিন সকাল অথবা অধিক বেলা পর্যন্ত কোনো সাড়া না মেলার পর সন্দেহের সৃষ্টি হয়। এরপর শুরু হয় খোঁজখবর, ডাকাডাকি এবং প্রয়োজনে দরজা ভাঙার উদ্যোগ। কিন্তু মনীষা দাসের ক্ষেত্রে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধারের ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্ত পর্যবেক্ষকদের মতে, যদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে প্রথমে কে সন্দেহ প্রকাশ করেছিলেন? কী ধরনের তথ্য বা সংকেতের ভিত্তিতে নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়েছিল? কোনো ফোন কল, বার্তা বা প্রত্যক্ষ তথ্য কি আগে থেকেই কারও কাছে পৌঁছেছিল? যদি পৌঁছে থাকে, তাহলে সেই তথ্যের উৎস কী?

আরও একটি বিষয় গুরুত্ব পাচ্ছে। আধুনিক দরজার লকিং ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদি দরজা ভেতর থেকে বন্ধ থাকে তবে বাইরে থেকে কোনোভাবে লক করার সুযোগ ছিল কি না? সেই বিষয়টিও তদন্তের অংশ হওয়া উচিত, বলে মত অনেকের। বিশেষজ্ঞদের মতে, এই রহস্যের উত্তর লুকিয়ে থাকতে পারে ঘটনার একেবারে প্রাথমিক সময়রেখায়। কে প্রথম খবর পেলেন, কাকে জানালেন, কত সময়ে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালেন এবং দরজা ভাঙার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো? এসব প্রশ্নের নির্ভুল উত্তরই তদন্তকে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

এখন সকলের নজর তদন্তকারী সংস্থার দিকে। কারণ শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণী কর্মী মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি এই প্রশ্নেরও উত্তর খুঁজে বের করা জরুরি- গভীর রাতে ওই ঘরে অঘটনের খবর প্রথম কে পেলেন এবং কীভাবে পেলেন? সেই উত্তরই হয়তো রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাগ হয়ে উঠতে পারে। নিউজ ভ্যানগার্ড ধাপে ধাপে অন্ততদন্তে ধারাবাহিকভাবে বিভিন্ন সুরাগ সন্ধান করছে। তা দেখতে এবং জানতে অপলক চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *