গৌরনগর: ঊনকোটি জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শতভাগ টিকাকরণের লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। শনিবার গৌরনগর ব্লকের ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে জানান, এবার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকাকরণের তথ্য যাচাই করবেন। আগে নয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় রাখা হলেও বর্তমানে তা বাড়িয়ে দশ বছর বয়স পর্যন্ত করা হয়েছে। যেসব শিশুর এমআর- ওয়ান বা এমআর-টু টিকার প্রমাণপত্র পাওয়া যাবে না, তাদের পুনরায় টিকা দেওয়া হবে, বলে জানানো হয়েছে।
বাংলাদেশে হাম ও রুবেলা রোগের উদ্বেগ জনক পরিস্থিতির কথা জানিয়ে এদের সংক্রমনের বিষয়ে সচেতনতারও বার্তা দিয়েছেন স্বাস্থ্য সচিব।
স্বাস্থ্য় দপ্তর সূত্রে জানা গেছে, হার্ড ইমিউনিটি গড়ে রোগ নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। নয় মাস থেকে দশ বছর বয়সীরা পাবেন টিকার সুরক্ষা। এর জন্য বাড়ি বাড়ি সমীক্ষায় নামছেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।
আরও পড়ুন: জনজাতিদের সার্বিক উন্নয়নে বিশেষ শিবির ঊনকোটিতে, উপকৃত প্রায় ২৬ হাজার মানুষ
স্বাস্থ্য দপ্তরের অনুমান, জেলায় প্রায় ২৫ থেকে ৩০ হাজার শিশুকে নতুন করে এমআর টিকা দিতে হতে পারে। পাশাপাশি সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও উপসর্গযুক্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য সচিবের দাবি, শতভাগ টিকাকরণ নিশ্চিত করা গেলে হার্ড ইমিউনিটি তৈরি হবে। যাদের টিকাকরণ হয়েছে তাদের নতুন করে টিকাকরণ হলে কোনও আশঙ্কার বিষয় নেই। বরং এর ফলে ভবিষ্যতে শিশুদের হাম-রুবেলা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: IGM হাসপাতালে চিকিৎসার গাফিলাতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, উত্তেজনা
