আগরতলা: কর্মসংস্থান সহ একাধিক দাবিতে রাজ্য়জুড়ে আন্দোলন শুরু করতে চলেছে সিট্যু। ত্রিপুরায় শ্রমজীবী মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে বলে অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে পথে নামতে চলেছে।
শনিবার আগরতলায় অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে সিট্যুর রাজ্য সভাপতি মানিক দে দাবি করেন, রাজ্যে রেগার কাজ প্রায় নেই বললেই চলে। একইসঙ্গে টুয়েপ প্রকল্পের কাজও কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফলে কর্মসংস্থানের অভাবে হাজার হাজার যুবক-যুবতী কাজের সন্ধানে বহিঃরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এমনকী দারিদ্র্যের চাপে শিশু সন্তান বিক্রির মতো ঘটনাও ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
শ্রম দপ্তরের শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ থেকে প্রকৃত শ্রমিকরা সহায়তা পাচ্ছেন না, বলেও শনিবার অভিযোগ করেন সিট্যুর রাজ্য সভাপতি। রাজ্যে ইএসআই পরিষেবার অবস্থাও ভেঙে পড়েছে বলে দাবি তাঁর। শ্রমিক কল্যাণে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মানিক দে। পাশাপাশি হুঁশিয়ারি বলছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সিট্যু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। ধর্মঘট ও মিছিলের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজন হলে নিষেধাজ্ঞা অমান্য করেও আন্দোলন সংগঠিত করা হবে।
আরও পড়ুন: রক্তদানের মঞ্চ থেকে সমাজের সর্বস্তরে নারী ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার
