ধর্মনগর: শনিবার ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তাঁর সঙ্গে ছিলেন উত্তর জেলার জেলাশাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চাঁদনি চন্দ্রন, স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা ও মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক হালদার, মেডিকেল সুপারিন্টেনডেন্ট ভাস্কর দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবা, রোগী সুবিধা ও পরিকাঠামোগত অবস্থার বিস্তারিত পর্যালোচনা করেন স্বাস্থ্য সচিব। হাসপাতালের বর্তমান সুযোগ-সুবিধা এবং সীমাবদ্ধতাগুলি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আরও পড়ুন: ‘শাহী’ সফরের আগে কাটল জট! অবরোধের সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির
পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, রোগীর ক্রমবর্ধমান চাপ সামাল দিতে খুব শীঘ্রই হাসপাতালের কর্মী সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের শূন্যপদ পূরণের উদ্যোগও গ্রহণ করা হবে। জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে হাসপাতালে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান জেলা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। সেইসঙ্গে উত্তর জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবার স্বার্থে এলাকায় আরও একটি নতুন হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যার স্থায়ী সমাধানে হাসপাতালে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন জেনারেটর স্থাপনের হচ্ছে। এছাড়া রোগীদের ভোগান্তি কমাতে সিটি স্ক্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দ্রুত সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সচিবের আশ্বাস, ধর্মনগর জেলা হাসপাতালকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব চিকিৎসা কেন্দ্রে পরিণত করার জন্য প্রয়োজনীয় সব বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। তাঁর এই ঘোষণায় খুশির আমেজ ধর্মনগর সহ উত্তর জেলায়।
আরও পড়ুন: ৫ জুন ত্রিপুরায় ‘শাহী সফর’, একাধিক কর্মসচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর
