আগরতলা: আগাম বিজ্ঞপ্তি না দিয়েই হঠাৎ করে বিদ্যুৎ বিল, ফিক্সড চার্জ এবং ডিউটি চার্জ বৃদ্ধি করেছে TSECL। বিদ্যুৎ দপ্তরের এই কাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিক্ষোভ দেখালেন
একদিকে রাজ্য জুড়ে তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরম। আর তারই মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের জেরে নাজেহাল সাধারণ মানুষ। এই চরম অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই সাধারণ গ্রাহকদের ওপর নতুন করে কোপ বসাল ত্রিপুরা বিদ্যুৎ দফতর। মে মাস থেকেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই TSECL বিদ্যুতের মাসুল ও বিভিন্ন চার্জ বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন:
তীব্র গরমের মাঝে এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের ওপর এক বিরাট আর্থিক বোঝা চেপে বসেছে। ক্ষুব্ধ গ্রাহকদের স্বার্থে আজ সরব হয় ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে শুক্রবার আগরতলায় ভুতুরিয়া বিদ্যুৎ ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাঁদের মূল দাবি, অবিলম্বে এই বর্ধিত বিদ্যুৎ মাসুল ও ফিক্সড চার্জ প্রত্যাহার করতে হবে, ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা দূর করতে হবে এবং গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে।
সভার শেষে সংগঠনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে গিয়ে নিজেদের পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকপত্র জমা দেন। এখন দেখার, সাধারণ মানুষের এই দুর্ভোগ ও ক্ষোভের পর কী পদক্ষেপ নেবেন বিদ্যুৎ মন্ত্রী।
আরও পড়ুন:
