আগরতলা: ত্রিপুরায় দৃষ্টিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে ২১ দফা দাবির ভিত্তিতে শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।
তাদের অভিযোগ, দৃষ্টি ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তাঁদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বহুবিধ প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই প্রেক্ষাপটে, তাঁদের সার্বিক উন্নয়নের জন্য এটিবিএ ২১ দফা দাবি সনদ তুলে দেয় অধিকর্তার নিকট। ২১ দফা দাবির ভেতর মুখ্য দাবি গুলি হল, একটি বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে দৃষ্টি ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য শূন্য সরকারি পদসমূহ অবিলম্বে পূরণ করতে হবে। দারিদ্র্যসীমার উপরে এবং দারিদ্র্যসীমার নিচে নির্বিশেষে সকল শ্রেণীর দৃষ্টি ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরজন্য প্রতি মাসে কমপক্ষে ৫,০০০ টাকা ভাতার ব্যবস্থা করতে হবে, যাতে তারা তাদের পরিবারের উপর বোঝা অনুভব না করেন। নরসিংহগড়ে দৃষ্টি ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন বালক ও বালিকা ক্ষমতায়ন প্রতিষ্ঠানের ছাত্রাবাসের আসন সংখ্যা বর্তমান ৫০ থেকে বাড়িয়ে ১০০ করতে হবে।
ত্রিপুরায় একটি ব্রেইল প্রেস স্থাপন করতে হবে যার মাধ্যমে দৃষ্টি ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরণের বই ও উপকরণ পেতে সক্ষম হবেন। ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণের জন্য ত্রিপুরায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬’-এর অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ত্রিপুরায় ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের উন্নয়নের উদ্দেশ্যে একটি পৃথক বিভাগ গঠন করতে হবে। এই একুশ দফা দাবির ভিত্তিতে ইতিপূর্বেও তারা ডেপুটেশন প্রদান করেছিল। কিন্তু এখনও তাদের দাবি গুলি যৌক্তিকতা মানার পরও পূরণ করা হয়নি। ফলে আজ বাধ্য হয়ে তারা পুনরায় ডেপুটেশন প্রদান করেছে। রাজ্য সরকার প্রতি তাদের আবেদন অবিলম্বে পাবেন দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরও পড়ুন:
